spot_img
spot_img

ফেনীতে সকালে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, দুপুরে গ্রেপ্তার ১৩

ফেনী শহরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের ঘটনায় ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে শহরের সহদেবপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে সকালে শহরতলির কালিপাল দশমীঘাট-সংলগ্ন এলাকায় ফেনী সদর উপজেলা ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল করেন সংগঠনটির নেতা-কর্মীরা। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হেলাল তুহিন (১৯), এনায়েত হোসেন (২০), মো. হাসান (১৯), মো. ইব্রাহিম (২১), শাহাদাত হোসেন (১৯), মো. ইমাম হোসেন (১৯), রাকিবুল ইসলাম (২০), তারেক হোসেন (২২), শাহাদাত হোসেন (১৯) এবং ১৭ বছর বয়সী চার কিশোর। পুলিশ জানিয়েছে, তারা সবাই ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ফেনী সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেনের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন তরুণ মিছিলে অংশ নেন। এ সময় তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি কালিপাল এলাকার সড়কের একাংশ প্রদক্ষিণ করে পরে ব্যানার গুটিয়ে চলে যায়।

দুপুরের দিকে মিছিলের ৪২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওতে ব্যানার হাতে একদল তরুণকে সড়কে মিছিল করতে ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তাদের কারও হাতে জাতীয় পতাকা এবং কারও হাতে ছাত্রলীগের পতাকা ছিল। অনেকের মাথায় হলুদ ক্যাপ ও মুখে কালো মাস্ক দেখা যায়।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ