spot_img

শত্রু ঘরের ভেতরেও আছে; চেনা বড় কষ্টের: রানা দাশগুপ্ত

ঘরের ভেতরেও শত্রু আছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত।

তার বক্তব্য, শত্রু শুধু বাইরে নয়, শত্রু ঘরের ভেতরেও। বাইরের শত্রুদের চেনা যায়, ঘরের শত্রু চেনা বড় কষ্টের।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে তিনি এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ২০১৮ সালের নির্বাচনের আগে আপনার দল অঙ্গীকার করেছিল সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্যবিলুপ্ত আইন প্রণয়ন, শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন করা হবে। নির্বাচনের আর দুই বছর বাকি, আমরা চাই, যে অঙ্গীকার আপনি করেছেন এই অঙ্গীকার বাস্তবায়নে আপনি দৃশ্যমান ভূমিকা পালন করবেন।

রানা দাশগুপ্ত বলেন, নোয়াখালীর কোম্পানিগঞ্জে একজন ট্যাক্সিচালককে জবাই করা হয়েছে। আমাদের কাছে খবর আছে, বরিশালের এক এমপি সংখ্যালঘুদের জমি জবরদখল করে তাদের উচ্ছেদের অপপ্রয়াসে লিপ্ত হয়েছেন। এছাড়া শখের বাগানবাড়ি তৈরি করার জন্য বর্তমান সংসদের সংরক্ষিত নারী আসনের এক এমপির পরিবার প্রতিবেশী অসহায় পরিবারকে জায়গা জমি থেকে উচ্ছেদ করেছেন।

তিনি বলেন, সাম্প্রদায়িক দুর্বৃত্তরা প্রধানমন্ত্রীর জিরো টলারেন্সের ঘোষণাকে ইতোমধ্যেই চ্যালেঞ্জ করে বসেছে। আগামী দুই বছর পর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনের প্রাক্কালে এবং নির্বাচন পরবর্তীতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির নীলনকশা অনুযায়ী এই প্রক্রিয়াটি শুরু হয়েছে বলেই আমরা মনে করি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ