আবারও বাড়ল বোতলজাত সয়াবিন তেলের দাম। লিটারে ৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৯৯ টাকা। তেলের এ দাম নির্ধারণ করেছে ভোজ্যতেল উৎপাদক সমিতি।
বৃহস্পতিবার (৪ মে) থেকেই বোতলজাত সয়াবিন তেলের এ নতুন দাম কার্যকর হবে। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ভোজ্যতেলের আমদানিতে সরকার প্রদত্ত ভ্যাট অব্যাহতির মেয়াদ গত রোববার (৩০ এপ্রিল) শেষ হয়েছে। এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশনের সঙ্গে ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি আলোচনা সাপেক্ষে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করেছে।
নতুন দাম অনুযায়ী বোতলজাত সয়াবিন লিটারপ্রতি ১৯৯ টাকা, খোলা সয়াবিন লিটারপ্রতি ১৭৬ টাকা, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেল ৯৬০ টাকা ও পাম সুপার খোলা সয়াবিন তেল লিটারপ্রতি ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে বোতলজাত ১ লিটার সয়াবিনের দাম ছিল ১৯০ টাকা। গত ১৭ নভেম্বরে বোতলজাত সয়াবিনের দাম লিটারপ্রতি ১২ টাকা বৃদ্ধি করে সমিতি। তারও আগে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম ছিল ১৭৮ টাকা।











