পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, সুদানের খার্তুম থেকে বাংলাদেশিদের দেশে ফেরানোর ক্ষেত্রে একটি গ্রুপ সহযোগিতা না করে উল্টো প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ।
বৃহস্পতিবার (৪ মে) নিজের ভেরিফায়েড ফেসবুকে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন তিনি।
শাহরিয়ার আলম বলেন, ৬৭৫ জন পোর্ট সুদানে পৌঁছেছেন। যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে। আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশে পাঠাব। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, খার্তুম থেকে রওনা হওয়ার সময় থেকে একটি গ্রুপ আমাদের সহযোগিতা না করে নানা রকমের প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছেন। আমাদের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের প্রত্যাবর্তনে কাজ করছেন। দয়া করে অসহযোগিতা করা থেকে বিরত থাকবেন।
তিনি আরও বলেন, আমাদের কর্মকর্তাদের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে বাংলাদেশে ফেরার পরে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। কয়েকজনের জন্য সবার জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলব না।











