spot_img
spot_img

আফগানিস্তান দখলের যে কোনো চেষ্টা বিপজ্জনক পরিণতি ডেকে আনবে: আচাকজাই

পাখতুনখাওয়া মিল্লি আওয়ামি পার্টির (পিকেএমএপি) চেয়ারম্যান ও পাকিস্তানের জাতীয় পরিষদের বিরোধীদলীয় নেতা মাহমুদ খান আচাকজাই বলেছেন, আফগানিস্তান দখলের যেকোনো চেষ্টা বিপজ্জনক পরিণতি ডেকে আনবে।

রোববার (৩ মে) পাকিস্তানের জাতীয় পরিষদে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন।

ব্রিটিশ ভারত, সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার বড় ধরনের পরাজয়ের উদাহরণ তুলে ধরে পাকিস্তানসহ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোকে উদ্দেশ করে আচাকজাই বলেন, এ ধরনের কোনো উদ্দেশ্য থাকলে তাদেরও ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের মতো পরিণতি ভোগ করতে হতে পারে।

তিনি বলেন, “আফগানিস্তান ব্রিটিশ ভারতের কবরস্থানে পরিণত হয়েছিল। সেখানে সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকাও কঠোরভাবে পরাজিত হয়েছে। এটি অত্যন্ত বিপজ্জনক এক উচ্চাকাঙ্ক্ষা; আফগানিস্তান যেন আমাদের জন্যও কবরস্থানে পরিণত না হয়।”

মাহমুদ খান আচাকজাই জাতিসংঘের মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবেশী দেশগুলোর অংশগ্রহণে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সরাসরি বৈঠকের ব্যবস্থা করা উচিত, যাতে সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সমাধান সম্ভব হয়।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষক ওয়াহিদ ফকিরি বলেন, “মি. আচাকজাইয়ের এটি একটি খুব ভালো প্রস্তাব। জাতিসংঘের উচিত আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর সমন্বয়ে একটি বৈঠকের আয়োজন করা। প্রকৃতপক্ষে, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা নিয়ে জাতিসংঘের নীরব থাকা উচিত নয়।”

পাকিস্তানের ভেতরে এ ধরনের সতর্কবার্তা ও অভ্যন্তরীণ সমালোচনা এমন সময়ে সামনে এসেছে, যখন আফগানিস্তানের সঙ্গে উত্তেজনা বেড়েছে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ এবং সংলাপ অব্যাহত থাকার বিষয়টি এখনো অনিশ্চিত।

সাম্প্রতিক দিনগুলোতে পাকিস্তান আবারও কুনার প্রদেশের বিভিন্ন এলাকা এবং তথাকথিত ডুরান্ড লাইনের কাছাকাছি কয়েকটি জেলায় হামলা চালিয়েছে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ