spot_img
spot_img

বিদ্যুৎ-জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনবিরোধী: রিদওয়ান হাসান

বারবার বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি করে সাধারণ জনগণের ওপর আর্থিক বোঝা চাপিয়ে দেওয়াকে জনবিরোধী বলে তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ গ্রীন পার্টির আহ্বায়ক রিদওয়ান হাসান।

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি সরকারের এই গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান। একই সঙ্গে অবিলম্বে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করেন।

বাংলাদেশ গ্রীন পার্টির আহ্বায়ক রিদওয়ান হাসান বলেন, বারবার জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর এই সিদ্ধান্ত সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়কে আকাশচুম্বী করছে। দেশের কৃষি, শিল্প ও উৎপাদন খাত দিন দিন ধ্বংসের মুখে উপনীত হচ্ছে।

তিনি বলেন, সেচ খরচ বেড়ে যাওয়ায় কৃষকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর কলকারখানায় উৎপাদন ব্যাহত হওয়ায় নতুন কর্মসংস্থানও থমকে গেছে।

সরকারের নীতিগত ব্যর্থতার সমালোচনা করে তিনি বলেন, এই সংকট কোনো আকস্মিক ঘটনা নয়। এই সংকট কৃত্রিম। বছরের পর বছর ধরে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির প্রতি সরকারের অন্ধ মোহ এবং কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের নামে জনগণের কোটি কোটি টাকা লোটপাটের অনিবার্য পরিণতি এটি।

রিদওয়ান হাসান বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির চাবিকাঠি হতে পারে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গ্রীন এনার্জি।

তিনি আরও বলেন, পরিবেশ ধ্বংসকারী এবং পকেট কাটার এই উন্নয়ন নীতি পরিহার করে সরকারকে টেকসই সমাধানের পথে আসতে হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ