মাত্র ২৭ বছর বয়সে অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রথম হিজাব পরিহিতা সিনেটর হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছেন ফাতিমা পেমান। সেই সাথে প্রথম কোনো আফগান-অস্ট্রেলিয়ান রাজনীতিক হিসেবে পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন তিনি। এছাড়া অস্ট্রেলিয়ার বর্তমান পার্লামেন্টর সর্বকনিষ্ঠ আইনপ্রণেতাও ফাতিমা।
বৃহস্পতিবার (৪ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিকে ফাতিমা বলেছেন, সিনেটর হিসেবে তার নির্বাচিত হওয়া অস্ট্রেলিয়ার মুসলমানদের জন্য তাৎপর্যপূর্ণ।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, গত জুলাই মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটর হিসেবে নির্বাচিত হন ফাতিমা পেমান। মাত্র ২৭ বছর বয়সেই এই ইতিহাস গড়েন তিনি।
নিজের প্রথম বক্তৃতায় ফাতিমা বলেন, কে ভেবেছিল যে আফগানিস্তানে জন্ম নেওয়া এক তরুণী এবং একজন শরণার্থীর মেয়ে আজ এই চেম্বারে দাঁড়িয়ে থাকবে?
২০০৩ সালে মাত্র ৮ বছর বয়সে শরণার্থী হিসেবে অস্ট্রেলিয়ায় পৌঁছান ফাতিমা পেমান। এসময় বাবা ছাড়াও তার সঙ্গে ছিলেন মা এবং তিন ছোট ভাইবোন। শরণার্থী হিসেবে জীবন শুরুর পর সেখানে তার বাবা ট্যাক্সি ড্রাইভার এবং নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করেন।
অন্যদিকে ফাতিমা পার্থের অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজে পড়াশোনা করেন এবং ডাক্তার হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কিন্তু ডাক্তার হওয়ার পরিবর্তে ফাতিমা একপর্যায়ে রাজনীতিতে জড়িয়ে পড়েন।
ফাতিমা আরও বলেন, যারা আমাকে কী পরিধান করা উচিত সে বিষয়ে পরামর্শ দিতে বা আমার বাহ্যিক অভিজ্ঞতার ভিত্তিতে আমার যোগ্যতা বিচার করতে চান, তারা জেনে রাখুন- হিজাব পরিধান করা আমার পছন্দ।











