নাসার চাঁদে যাওয়ার মিশন প্রকল্প দ্বিতীয় দফাতেও যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়েছে।
শনিবার (৩ সেপ্টেম্বর) আবারও চেষ্টা করে ব্যর্থ হলো নাসা।
মিশন ম্যানেজার মাইক সারাফিন বলেছেন, যানটিতে হাইড্রোজেন পাম্প করার সংযোগস্থলে সমস্যাটি চিহ্নিত করা হয়েছে। সমস্যাটি সমাধান করার কয়েক রকম চেষ্টা করা হলেও তা সফল হয়নি। ভবিষ্যতে মহাকাশযানটিতে মানুষ পাঠাতে হলে চরম যত্নের প্রয়োজন হবে।
তিনি বলেন, এটি অবিশ্বাস্য কঠিন একটি কাজ। এটি এই যানটির একটি প্রাথমিক পরীক্ষামূলক ফ্লাইট। যেমনটা বলা হয়েছিল, আমরা যখন প্রস্তুত হবো তখনই আমরা উৎক্ষেপণ করবো। এই প্রাথমিক পরীক্ষামূলক ফ্লাইটের অংশ হিসাবে আমরা যানটি সম্পর্কে শিখছি। আমরা শিখছি কিভাবে এটি চালাতে হয়।
নাসার প্রশাসক বিল নেলসন বলেন, আমি এটিকে আমাদের মহাকাশ কর্মসূচির একটি অংশ হিসাবে দেখি, যার মধ্যে নিরাপত্তা রয়েছে আমাদের তালিকার শীর্ষে।











