দখলকৃত পূর্ব জেরুসালেমে এক ফিলিস্তিনি ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের পুলিশ। একই সময়ে অধিকৃত পশ্চিম তীরের নাবলুস ও আশপাশের এলাকায় ৪৮ ঘণ্টার অভিযানে ১০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) পূর্ব জেরুসালেমের দামেস্ক গেটের কাছে এ হত্যাকাণ্ড ঘটে। ইসরাইলি পুলিশের দাবি, ৩৩ বছর বয়সী ওই ফিলিস্তিনি পুলিশ সদস্যদের ওপর হামলার চেষ্টা করেছিলেন। এরপর পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তবে নিহত ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি ইসরাইলি পুলিশ। ঘটনার বিস্তারিতও জানানো হয়নি।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, ঘটনার পর দামেস্ক গেট ও পুরোনো শহর এলাকায় ব্যাপকভাবে ইসরাইলি বাহিনী মোতায়েন করা হয়। সেখানে সামরিক ঘেরাও আরোপ এবং কড়াকড়ি বাড়ানোর কারণে ফজরের নামাজ আদায় করতে যাওয়া ফিলিস্তিনিরা বাধার মুখে পড়েন।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহর ও আশপাশের গ্রামগুলোতে ৪৮ ঘণ্টার সামরিক অভিযান চালিয়েছে ইসরাইলি বাহিনী।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, অভিযানে শত শত স্থানে তল্লাশি চালানো হয়েছে, কয়েক ডজন ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং ১০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে।
রামাল্লার কাছে আল-মুগাইয়ির গ্রামের প্রধান প্রবেশপথও বন্ধ করে দিয়েছে ইসরাইলি বাহিনী। এতে গ্রামের বাসিন্দাদের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ হয়ে যায়।
স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরাইলি দখলদাররা গ্রামের পূর্বাঞ্চলের সাহল আল-রাফিদ ও শাব আল-লউজ এলাকাতেও প্রবেশ করে এবং ফিলিস্তিনিদের মালিকানাধীন জমিতে উসকানিমূলক কর্মকাণ্ড চালায়।
এর একদিন আগে ওই গ্রামে দখলদারদের ভেড়া চুরি ঠেকানোর চেষ্টা করার সময় ইসরাইলি সেনাবাহিনীর স্নাইপারদের গুলিতে ১৯ বছর বয়সী ওমর আল-নাসান এবং ১৬ বছর বয়সী খলিল শাহাদা নিহত হন।
বৃহস্পতিবার তাদের জানাজায় অংশ নিয়ে ফিলিস্তিনিরা পতাকা উত্তোলন করেন এবং ইসরাইলি সেনাবাহিনী ও দখলদারদের অপরাধের বিরুদ্ধে স্লোগান দেন।
এদিকে রামাল্লার উত্তরে তুরমুস আইয়া শহরে ইসরাইলি দখলদাররা ভেড়ার পাল নিয়ে ফিলিস্তিনিদের বাড়ি ও জমিতে প্রবেশ করে। এতে বাড়িঘর, ফসল ও গাছপালার ক্ষতি হয়।
স্থানীয় সূত্র জানায়, আবু আওয়াদ পরিবারের বাড়ি ও আশপাশের এলাকাকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। পরিবারটি এর আগেও একই ধরনের হামলার শিকার হয়েছে।
ফিলিস্তিনের কলোনাইজেশন অ্যান্ড ওয়াল রেজিস্ট্যান্স কমিশন জানিয়েছে, আগস্ট মাসে ইসরাইলি দখলদাররা ফিলিস্তিনি জনগণ, তাদের জমি ও সম্পত্তির ওপর ৬২৮টি হামলা চালিয়েছে।
এসব হামলায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৬৪ জন ফিলিস্তিনি। তাদের মধ্যে ২০ শিশু ও ১৭ নারী রয়েছেন। একই সঙ্গে ২১ হাজার ৫০৮টি গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ১৯ হাজার ৩৭৫টি জলপাই গাছ।
ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, দখলকৃত পূর্ব জেরুসালেমসহ অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি ও বসতি চৌকিগুলোতে প্রায় ৭ লাখ ৫০ হাজার ইসরাইলি দখলদার বসবাস করছে।
২০২৩ সালের ৮ অক্টোবর থেকে গাজ্জায় ইসরাইলের হামলায় ৭৩ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭৪ হাজারের বেশি আহত হয়েছেন।
একই সময়ে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনাবাহিনী ও দখলদারদের হামলায় ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজারের বেশি আহত হয়েছেন। এছাড়া প্রায় ২৪ হাজার ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে।











