নেপালে আকস্মিক বন্যার ৯ দিন পর একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির রাসুওয়া অঞ্চলের ত্রিশুলি ৩এ জলবিদ্যুৎ প্রকল্পে নেপালি সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশের যৌথ উদ্ধারকারী দল তাদের উদ্ধার করে।
উদ্ধার হওয়া দুজন হলেন নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় সাহ এবং মেকানিক্যাল সুপারভাইজার কবির মহার্জন। নয় দিন ধরে তারা প্রকল্পটির ভূগর্ভস্থ অংশে আটকা ছিলেন।
উদ্ধারের পর দুজনকে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের কাঠমান্ডুতে নেওয়া হয়েছে।
উদ্ধারকারীরা শুক্রবার সকালে সুড়ঙ্গের ভেতর থেকে মানুষের কণ্ঠস্বর শুনতে পান। এরপর সেনাবাহিনী ও সশস্ত্র পুলিশের সদস্যরা সুড়ঙ্গে প্রবেশ করে দুই কর্মীর অবস্থান শনাক্ত করেন।
নেপালের জ্বালানি মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উদ্ধারকারীরা কাদায় ঢাকা একটি সংকীর্ণ পথ দিয়ে একজনকে বের করে আনছেন। অপর কর্মীকে স্ট্রেচারে করে সরিয়ে নেওয়া হয়।
উদ্ধারের পর সঞ্জয় সাহ জানান, বন্যা আঘাত হানার সময় তিনি প্রকল্পের নিয়ন্ত্রণকক্ষে দায়িত্ব পালন করছিলেন। অন্য কর্মীদের আগে নিরাপদে বের হয়ে যেতে বলায় তিনি নিজে আটকা পড়ে যান।
দুই কর্মীকে উদ্ধারের পরও সুড়ঙ্গের ভেতরে তল্লাশি চালায় উদ্ধারকারী দল। এ সময় সেখান থেকে আরও একটি মরদেহ উদ্ধার করা হয়।











