প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে ১৮ দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে আজ ভোরে ওয়াশিংটন ডিসি থেকে দেশে ফিরেছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট আজ রাত একটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে ফ্লাইটটি ওয়াশিংটন ডিসি থেকে রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় সোমবার ভোর সাড়ে ৪টায়) উড্ডয়ন করে।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত।
প্রধানমন্ত্রী ওয়াশিংটন থেকে দেশে ফেরার পথে লন্ডনে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্য যান। সেখানে রাজা তৃতীয় চার্লসের সিংহাসনে আরোহণ উপলক্ষে আয়োজিত সংবর্ধনাতেও অংশ নেন তিনি।
এরপর ১৯ সেপ্টেম্বর শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান; সেখানে তিনি ২৩ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তার ভাষণে বিশ্বের সঙ্কটময় পরিস্থিতি তুলে ধরে যুদ্ধ আর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা বন্ধের আহ্বান জানান।
তিনি বলেন, যুদ্ধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা, পাল্টা-নিষেধাজ্ঞার মত বৈরীপন্থা কখনও কোনো জাতির মঙ্গল বয়ে আনতে পারে না। আলাপ-আলোচনাই সঙ্কট ও বিরোধ নিষ্পত্তির সর্বোত্তম উপায়।
জাতিসংঘের সাধারণ অধিবেশন ছাড়াও বিভিন্ন উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে নিউ ইয়র্ক থেকে পরে ওয়াশিংটন ডিসিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।











