সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুথিদের চালানো বলে দাবি করা ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শনিবার (৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয় বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পবিত্র মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা পবিত্রতম ইসলামি স্থানগুলোর পবিত্রতার ওপর একটি অগ্রহণযোগ্য হামলা।
এতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশটির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন যেকোনো আগ্রাসনের কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলা চালানো হয়। তদন্ত ও হামলায় ব্যবহৃত ড্রোনের ধ্বংসাবশেষের ভিত্তিতে হুথিদের হামলার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে দাবি করেছে জোট। হামলায় একটি বিদ্যুৎ ট্রান্সফরমার অচল হলেও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল ছিল বলে জানানো হয়েছে। তবে হুথিরা হামলার দায় অস্বীকার করেছে।
এর আগে মদিনার তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার নিন্দা জানিয়েছে পাকিস্তান। শুক্রবার (২ অক্টোবর) এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘মারাত্মক উসকানি’ এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী বেসামরিক অবকাঠামোয় এ ধরনের হামলা বেপরোয়া কর্মকাণ্ড। একই সঙ্গে পবিত্র দুই মসজিদের পবিত্রতা এবং মুসল্লি ও হজ্বযাত্রীদের নিরাপত্তার প্রতি সব পরিস্থিতিতে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছে দেশটি।











