spot_img
spot_img

তেহরানের দেয়ালে ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল বিলবোর্ড

ইরানের রাজধানী তেহরানের দেয়ালে দেয়ালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যঙ্গ করে বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। এসব বিলবোর্ডে একজন ইরানি সেনার বুটের নিচে মার্কিন ড্রোনকে পিষ্ট হতে দেখানো হয়েছে। আমেরিকা ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের দৃশ্যমান আখ্যান তুলে ধরতেই এসব বিলবোর্ড ব্যবহার করা হচ্ছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে আরব নিউজ জানিয়েছে, তেহরানের বিখ্যাত ভালিয়াসার চত্বরসহ প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের আনাগোনা রয়েছে এমন বিভিন্ন স্থানে আমেরিকাবিরোধী বার্তাসংবলিত এসব বিলবোর্ড স্থাপন করা হয়েছে।

‘খানাহ-ই-তাররাহান’ বা ‘ডিজাইনার্স হাউস’ নামের একটি প্রতিষ্ঠান ট্রাম্পের ঠোঁট সেলাই করা ও মুখ বন্ধ অবস্থার একটি বিশাল চিত্র তৈরি করেছে। এর পটভূমিতে রয়েছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। বিলবোর্ডটিতে লেখা রয়েছে, ‘অ্যাট দ্য ব্রেকিং পয়েন্ট’।

স্টুডিওটির ব্যবস্থাপক ৩২ বছর বয়সী মোস্তফা কাফায়ি বলেন, ‘যখন কোনো বড় খবর আসে, তখন আমাদের দল তৎপর হয়ে ওঠে। নতুন ধারণা বা আইডিয়া তৈরি করা হয়, গ্রাফিক ডিজাইনারদের নির্দেশনা দেওয়া হয় এবং আমরা সবাই মিলে কাজ করি।’

মোস্তফা কথা বলার সময় অফিসের বিভিন্ন টেবিলে কর্মীরা নিজেদের প্রকল্প নিয়ে কাজ করছিলেন। নতুন ধারণা নিয়ে আলোচনার জন্য সেখানে একটি হোয়াইটবোর্ড রয়েছে। হলওয়ের দেয়ালে শহীদদের ছবি ও বিভিন্ন স্কেচও শোভা পাচ্ছে।

মোস্তফার স্টুডিওতে একটি সংবাদ পর্যবেক্ষণ দল রয়েছে। তারা দেশের অন্যতম বৃহৎ সরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের অধীনে কাজ করে। বিলবোর্ডগুলো সরকারের অর্থায়নে তৈরি করা হয় এবং সরকারের বার্তা ব্যাপকভাবে ছড়িয়ে দিতে ব্যবহার করা হয়।

অন্য একটি স্টুডিওর তৈরি বিলবোর্ডে ট্রাম্পকে একটি জাদুকরের বাক্সের ভেতর আটকা অবস্থায় দেখানো হয়েছে। তার হাতে কোকা-কোলা ও হ্যামবার্গার। সেখানে লেখা রয়েছে, ‘চোখের পলক ফেললেই আপনি গায়েব!’

বিলবোর্ডটি তুরস্কে জুলাই মাসে ঘটে যাওয়া একটি ঘটনার ইঙ্গিত দেয়। নিরাপত্তার ঝুঁকির কারণে ট্রাম্পকে ‘এয়ার ফোর্স ওয়ান’ থেকে একটি ক্যাটারিং ট্রাকে করে গোপনে অন্য বিমানে সরিয়ে নেওয়া হয়েছিল বলে উল্লেখ করা হয়েছে।

মোস্তফা বলেন, ‘দ্রুত কাজ করা এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।’ প্রায় আটজনের একেকটি দল কয়েক দিনের মধ্যেই একটি বিলবোর্ডের কাজ সম্পন্ন করে।

তিনি জানান, তাদের কাজের বেশির ভাগই ফটোশপে তৈরি করা হয়। পাশাপাশি তাদের দল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারে অত্যন্ত দক্ষ বলেও জানান তিনি। তারা চ্যাটজিপিটি ও ন্যানো ব্যানানারসহ বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে থাকে।

তেহরানে সম্প্রতি স্থাপিত আরেকটি বিশাল বিলবোর্ডে একজন ইরানি সেনাকে যুক্তরাষ্ট্রের একটি ড্রোনের ওপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটি ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) হরমুজ প্রণালীতে ড্রোনটি আটকের ঘটনাকে চিত্রিত করেছে। সেখানে লেখা হয়েছে, ‘ব্যবসা ভালোই চলছে।’

আরেকটি বিলবোর্ডে উত্তাল সমুদ্রে দাঁড়িয়ে থাকা এক পৌরাণিক যোদ্ধাকে দেখা যায়। তার পটভূমিতে জ্বলছে মার্কিন যুদ্ধজাহাজ। সেখানে লেখা ছিল, ‘শয়তানের সেনাবাহিনী আরব উপসাগরে ডুবে মরবে।’

আরেকটি ছবিতে ট্রাম্পকে পানির নিচে একটি ডলারের নোট ধরার চেষ্টা করতে দেখা যায়। পাশে লেখা রয়েছে, ‘বিশাল বিজয়! হরমুজ প্রণালী।’

বিলবোর্ডে ট্রাম্পের ছবি কেন ব্যবহার করা হচ্ছে জানতে চাইলে মোস্তফা বলেন, ‘ট্রাম্প একজন মিডিয়া ব্যক্তিত্ব… তিনি যখনই ওই ক্ষেত্রে কোনো পদক্ষেপ নেন, আমরাও তার উপযুক্ত জবাব দিই।’

সূত্র: আরব নিউজ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ