আফগানিস্তানের পাঞ্জশিরের আহমদ মাসুদের বিদ্রোহী বাহিনীকে তালেবানের নেতৃত্বাধীন দেশটির সরকারের সঙ্গে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানিয়েছে রাশিয়া।
বুধবার (৩ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এই আহ্বান জানান।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারিভা আফগানিস্তানের রাজনৈতিক ও নৃগোষ্ঠীগুলোকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব উসকে দেয় এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। আফগানিস্তানের অস্থিতিশীলতায় রাশিয়া উদ্বিগ্ন বলেও জানান তিনি।
গত ১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণ নিলে পাঞ্জশির উপত্যকায় বসে বিদ্রোহের ঘোষণা দেন মার্কিন মদদপুষ্ট সাবেক আফগান সরকারের ক্ষমতাচ্যুত ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। তার সঙ্গে ছিলেন ক্ষমতাচ্যুত গনি সরকারের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল বিসমিল্লাহ মোহাম্মদী ও শাহ আহমদ মাসউদের ছেলে আহমদ মাসউদ।
কিন্তু তালেবানের প্রস্তাবে সম্মত না হওয়ায় গত ৭ সেপ্টেম্বর চূড়ান্ত যুদ্ধে তালেবানের হাতে পতন হয় বিদ্রোহীদের। সেসময় আহমদ মাসুদ বাহিনী প্রতিবেশী তাজিকিস্তানে পালিয়ে যায় বলে খবর বের হয়।
ভারতের এএনআই খবর অনুসারে, সম্প্রতি পাঞ্জশিরের বিদ্রোহী নেতাদের তাজিকিস্তানে দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তারা তালেবানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বিদেশি সহায়তা আহ্বানসহ ফান্ড গঠন করছেন।
ঠিক এ পরিস্থিতিতে বিদ্রোহীদেরকে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারের সাথে দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানাল রাশিয়া।











