একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, একতরফা নির্বাচনের নামে দেশে চরম তামাশা চলছে। অবৈধ সরকারের গৃহপালিত নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রেসক্রিপশন অনুযায়ী প্রার্থী বাছাই করে করে দিচ্ছে। কোন আসনে কে নির্বাচন করবে তাও ঠিক করে দিচ্ছে কমিশন। সেখানে যাকে রাখার দরকার তাকে রেখে বাকীদের মনোনয়ন বাতিল করছে। তিনি বলেন, জাতির সঙ্গে এ রকম প্রহসনের খেলা বন্ধ করুন। অবিলম্বে পদত্যাগ করুন। তা না হলে জনগণ আপনাদের ছাড়বে না।
সোমবার সকালে অবরোধের সমর্থনে এক মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, সাজানো একতরফা নির্বাচনের নামে দেশকে ধ্বংস করে দিচ্ছেন প্রধানমন্ত্রী। দেশ ধ্বংস হয় হোক সেদিকে শেখ হাসিনার কোন মাথা ব্যথা নেই। আজকে দেশের উৎপাদনমুখী সকল সেক্টর চরম হুমকিতে পড়েছে। আমদানি রপ্তানি প্রায় বন্ধ। লুটপাটের কারণে আর্থিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ এখন দিশেহারা। শাক-সবজি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য এখন মাুনষের ক্রয় ক্ষমতার বাইরে। গরীব মানুষগুলো একবেলা পেট ভরে খেতে পারছে না। অনাহারে, অর্ধাহারে দিন কাটাচ্ছে তারা। এ অভুক্ত জনগণের রোষানল থেকে আপনারা বাঁচতে পারবেন না।
এর আগে রিজভীর নেতৃত্বে অবরোধের সমর্থনে উত্তরায় মিছিল ও পিকেটিং করে জাতীয়তাবাদী মহিলা দল।
সকাল ৭টায় উত্তরায় ৪নং সেক্টর পার্কের উত্তর দিক থেকে এই মিছিল শুরু হয়। তাদের মিছিলটি ঢাকা-গাজীপুর প্রধান সড়কে গিয়ে শেষ হয়।
এসময় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, উত্তরের আহ্বায়ক পেয়ারী মোস্তফা, সদস্য সচিব এড রুনা, মহিলা দল নেত্রী জাকিয়া সুলতানা, পারভিন, নাজমা শিকদার, তামান্না, তহমিনা প্রমুখ উপস্থিত ছিলেন।











