spot_img
spot_img

ভারতে ওমিক্রনে প্রথম মৃত্যু

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়ানো করোনাভাইরাসের অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টে ভারতে প্রথম একজনের প্রাণহানি ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানে ওমিক্রনে প্রথম একজন রোগী মারা গেছেন।

বুধবার (৫ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বুধবার পর্যন্ত ভারতে ২ হাজার ১৩৫ জনের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন রোগী পাওয়া গেছে দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। সেখানে ৬৫৩ জনের ওমিক্রন শনাক্ত হয়েছে। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ ওমিক্রন রোগী (৪৬৪ জন) পাওয়া গেছে রাজধানী দিল্লিতে।

অতি-সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট এখন পর্যন্ত দেশটির ২৩ রাজ্য এবং ভূখণ্ডে ছড়িয়েছে। এদিকে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮ হাজার ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে; যা আগের দিনের তুলনায় প্রায় ৫৫ শতাংশ বেশি। মঙ্গলবার দেশটিতে ৩৭ হাজার ৩৭৯ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৮ ডিসেম্বর ভারতে ৯ হাজারের মতো করোনা রোগী শনাক্ত হয়। কিন্তু মাত্র ৯ দিনের মধ্যে রোগী শনাক্তের এই হার প্রায় ছয়গুণ বেড়েছে। বুধবার দেশটির স্বাস্থ্যমন্ত্রণালয়ের হালনাগাদ তথ্যে বলা হয়েছে, ভারতে সাপ্তাহিক করোনা পজিটিভের হার ২ দশমিক ৬০ শতাংশ। তবে দৈনিক সংক্রমণের হার ৪ দশমিক ১৮ শতাংশে পৌঁছেছে। মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ভারতে এই ভাইরাসে মারা গেছেন অন্তত ৫৩৪ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ