সাবেক সোভিয়েতভুক্ত মধ্য-এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ সহিংসতার মুখে সরকারের পতনের পরও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। নজিরবিহীন এই বিক্ষোভ থেকে বুধবার ক্ষুব্দ জনতা দেশটির বৃহত্তম শহর আলমাতির মেয়রের কার্যালয় পুড়িয়ে দিয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে এই তথ্য জানা যায়।
সূত্রে জানা যায়, আলমাতিতে কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেছেন। এ সময় পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে স্টান গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করলেও তাদের মেয়রের কার্যালয়ে ঢুকতে বাধা দিতে পারেনি। এমনকি সশস্ত্র কিছু বিক্ষোভকারী পুলিশের লাঠি এবং ঢাল ছিনিয়ে নেয়। পরে তারা মেয়রের কার্যালয়ে ভাঙচুর করে এবং আগুন ধরিয়ে দেয়।
নতুন বছরের শুরুতে কাজাখস্তানে গাড়িতে ব্যাপক ব্যবহৃত জ্বালানি এলপিজির দাম বৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ-প্রতিবাদ করছেন হাজার হাজার মানুষ। সেই বিক্ষোভ ক্রমান্বয়ে সহিংস হয়ে ওঠায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশটির সরকার পদত্যাগ করতে বাধ্য হয়েছে। বিক্ষোভ থেকে এখন পর্যন্ত দুই শতাধিক মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে বুধবার সকালের দিকে দেশটির পুলিশ জানিয়েছে।
কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতি এবং পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মানজিসতাউয়ের রাস্তায় হাজার হাজার মানুষ জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে অংশ নিয়েছেন। তারা বলেছেন, তেল ও গ্যাস রফতানিকারক কাজাখস্তানের জ্বালানির বিশাল মজুত থাকার পরও এ ধরনের মূল্যবৃদ্ধি একেবারে অন্যায্য।











