প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইনটি নতুন মোড়কে পুরনো জিনিস বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
শনিবার (৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
জাপা চেয়ারম্যান বলেন, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) গঠনে আমরা সংবিধান অনুযায়ী একটি আইন তৈরির প্রস্তাব করেছিলাম। কিন্তু আমরা যেমন আইন চেয়েছিলাম পাশ হওয়া আইনটি তেমন হয়নি।
তিনি বলেন, বর্তমান আইন অনুযায়ী সার্চ কমিটি গঠন হয়েছে। রাষ্ট্রপতি যে দুজন সদস্যের নাম প্রস্তাব করেছেন তাদের বিষয়ে আমাদের আপত্তি নেই। তবে, বর্তমান সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনে কাদের নাম প্রস্তাব করবে তা দেখার অপেক্ষায় সমগ্র জাতি। আমরা চাই, গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ ও সব মহলে গ্রহণযোগ্য ব্যক্তিদের নাম প্রস্তাব করবেন।










