ধানের শীষ পেটের বিষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এদেশের মানুষ আবারও নৌকা চায়। পেটের বিষ আর খেতে চায় না।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখা ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।
বিএনপি বিদেশিদের ওপর নির্ভর করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, এই মুহূর্তে বিএনপিসহ তাদের সমমনা দলগুলো গুজব নিয়ে ব্যস্ত। তারা ভোটারদের কাছে যাচ্ছে না। তারা যাচ্ছে বিদেশিদের কাছে। অনেক মালা গেঁথে আটলান্টিকের দিকে তাকিয়ে আছে। তারা ভাবছে বিদেশি প্রতিনিধি এসেই ভিসানীতি দেবে।











