spot_img
spot_img

প্রধান গ্যাস পাইপলাইন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলো রাশিয়া

অবশেষে সত্যি হলো ইউরোপীয় দেশগুলোর আশঙ্কা। তাদের আশঙ্কা সত্যি করেই ইউরোপের প্রধান গ্যাস পাইপলাইন নর্ড স্ট্রিম ওয়ানে গ্যাস সরবরাহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিলো রাশিয়া। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া ১ হাজার ২০০ কিলোমিটারের পাইপলাইনটি মেরামতের জন্য তিনদিন বন্ধ থাকার পর শনিবার চালু হওয়ার কথা ছিল।

তবে পাইপলাইনের টার্বাইনে ফুটো থাকার অজুহাত দিয়ে শনিবার থেকে নর্ডস্ট্রিম ওয়ানে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কথা জানায় রাশিয়ার রাষ্ট্রায়াত্ত জ্বালানি প্রতিষ্ঠান গ্যাজপ্রম। কবে নাগাদ গ্যাস সরবরাহ চালু হবে তারও কোনো ইঙ্গিত দেয়নি তারা।

এদিকে রাশিয়ার এই কারিগরি ত্রুটির অজুহাতকে প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় দেশগুলো। তাদের ধারণা গ্যাস সঙ্কটে ভুগতে থাকা ইউরোপীয় দেশগুলোকে আসন্ন শীতকালে জ্বালানি সঙ্কটে ফেলার জন্য ইচ্ছে করেই নর্ডস্ট্রিম ওয়ান পাইপলাইন বন্ধ করেছে রাশিয়া। পাইপলাইনের ছিদ্র গ্যাস সরবরাহকে প্রভাবিত করে না বলে দাবি করেছে জার্মানির জ্বালানি প্রতিষ্ঠান সিমেন্স এনার্জি। পাইপলাইনের যে স্থানে এই ছিদ্র দেখা দিয়েছে সেখানে অন্য টারবাইন দিয়েও কাজ চালানো যায় বলে দাবি তাদের।

নর্ড স্ট্রিম ওয়ান পাইপলাইন রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের কাছাকাছি উপকূল থেকে উত্তর-পূর্ব জার্মানি পর্যন্ত বিস্তৃত। ২০১১ সালে চালু হওয়া এ পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন ইউরোপে গড়ে ১৭ কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকেই দফায় দফায় এই পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে রাশিয়া। এর আগে গত জুলাইয়ে ১০ দিনের জন্য এ পাইপলাইন বন্ধ রেখেছিল মস্কো। নর্ডস্ট্রিম ওয়ানের পাশাপাশি পোল্যান্ডের মধ্য দিয়ে প্রবাহিত ইয়ামাল পাইপলাইনও গত মে মাসে বন্ধ করে দেয় রাশিয়া।

এদিকে রাশিয়ার পাইপলাইন বন্ধের ঘোষণায় নতুন করে শঙ্কিত জ্বালানি সঙ্কটে বিপর্যস্ত ইউরোপ। ইউরোপীয় দেশগুলোর অভিযোগ, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা অবস্থানের প্রতিশোধ নিতেই এ পাইপলাইনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে মস্কো। এরইমধ্যেই গ্যাস সঙ্কটের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন জার্মানির অর্থমন্ত্রী রবার্ট হাবেক। পরিস্থিতিকে আশঙ্কজনক হিসেবে অভিহিত করেন তিনি।

ইউরোপের অধিকাংশ দেশই শীতকালে ব্যবহারের জন্য এখনও প্রয়োজনীয় গ্যাস মজুত করতে পারেনি। এ পরিস্থিতিতে নর্ড স্ট্রিম দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় আসন্ন শীত মৌসুমে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে ইউরোপে। মূলত নর্ড স্ট্রিম-১ দিয়ে আসা গ্যাস দিয়েই নিজেদের স্টোরেজগুলো ভরানোর পরিকল্পনা করছিল জার্মানিসহ ইউরোপীয় অন্যান্য দেশ। সেখানে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পুরো বিষয়টিই বর্তমানে তাদের অনিশ্চয়তার সম্মুখীন করেছে। বিষয়টি স্বীকার করেছেন জার্মানির অর্থনীতিবিষয়ক মন্ত্রী রবার্ট হাবেকও।

তিনি বলেন, জার্মানির বর্তমান গ্যাসের মজুত দিয়ে আসন্ন শীতকালের পুরোটা সময় পাড়ি দেয়া সম্ভব নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ