একটি দীর্ঘ সময় ধরে পাকিস্তানের মাটিতে বসবাস করে আসছিলেন আফগান শরণার্থীরা। এর মধ্যে অনেকেই প্রায় ৪০ বছর কাটিয়েছেন পাকিস্তানের মাটিতে। তবে এবার দ্বিতীয় পর্যায়ে এসব শরণার্থীদের বিতাড়িত করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে পাকিস্তান। ফলে এক ধরনের উদ্বিগ্নতার সাথে দিন কাটাচ্ছেন পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীরা।
সাম্প্রতিক সময়ে পাকিস্তানের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া যে সকল ব্যক্তি পাকিস্তানে বসবাস করছে তাদের খুব দ্রুতই দেশ থেকে বিতাড়িত করা হবে। এ ঘটনার পরপরই উদ্বেগ প্রকাশ করেছে দেশটির আফগান শরণার্থীরা।
আফগান শরণার্থীরা বলছেন, “আমরা এখানে দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য করছি। তাই হঠাৎ করেই পাকিস্তান ছাড়তে মানসিকভাবে প্রস্তুত নই আমরা।”
অনেকেই বলছেন, “এখানে অনেকে রয়েছেন যাদের জন্ম পাকিস্তানে। তাদের যদি আফগানিস্তানে পাঠিয়ে দেওয়া হয় তাহলে তারা পুনরায় শরণার্থী হয়ে যাবে।”
উল্লেখ্য, এ বিষয়টি নিয়ে পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন ইসলামাবাদে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। বৈঠকে, আফগান শরণার্থীদের সমর্থন ও বিভিন্ন সহযোগিতার কথা তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে মার্কিন দূতাবাস।
সূত্র: তোলো নিউজ










