spot_img
spot_img

শাপলা চত্বরে ১১ দলের লংমার্চের উদ্বোধনী সমাবেশ শুরু

গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ঢাকা-চট্টগ্রাম লংমার্চ করবে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। এ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাজধানীর শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

এতে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন।

সমাবেশ শেষে সকাল ৮টায় প্রায় দেড় হাজার গাড়ির বহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে। এতে পূর্বনির্ধারিত ব্যক্তিরাই নির্ধারিত গাড়িতে অংশ নেবেন।

লংমার্চের পথে চারটি পথসভা হবে। এরপর সন্ধ্যায় চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। লংমার্চে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি বিভিন্ন পথসভায় বক্তব্য দেবেন ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা।

কর্মসূচি সফল করতে ১১ দলের কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটির পাশাপাশি রুটসংশ্লিষ্ট নয়টি শাখা প্রয়োজনীয় সব প্রস্তুতি আগেই সম্পন্ন করেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, লংমার্চের প্রথম পথসভা হবে নারায়ণগঞ্জের কাঁচপুর ব্রিজের কাছে ট্রাকস্ট্যান্ডে। এরপর কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও চট্টগ্রামের মীরসরাইয়ে পথসভা হবে। সবশেষে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে জনতার ঢল নামবে বলে ১১ দলীয় নেতারা আভাস দিয়েছেন।

সূত্র মতে, গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গনে বিভিন্ন দাবিতে ১১ দলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখান থেকে ঢাকায় মহাসমাবেশসহ চার বিভাগে লংমার্চ কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকা-চট্টগ্রাম অভিমুখে প্রথম লংমার্চ হচ্ছে। এরপর পর্যায়ক্রমে ১৯ সেপ্টেম্বর রংপুর, ৩১ অক্টোবর খুলনা-কুষ্টিয়া এবং ২১ নভেম্বর ট্রেনযোগে সিলেট মহানগর অভিমুখে লংমার্চ পালিত হবে। সবশেষে ডিসেম্বর বা জানুয়ারিতে ঢাকায় মহাসমাবেশ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

১১ দলের ছয় দফা দাবির মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধ করা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ