পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা রয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে সিলেট নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, সফরের দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আলোচনা চলছে। ভারতের সঙ্গে হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাই উচিত।
জ্বালানি খাত প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কীভাবে একটি সাইকোপ্যাথিক দুর্নীতি করা যায়, এনার্জি সেক্টর দেখলে তা বোঝা যাবে। তবে প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। জ্বালানি খাতের সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।
মক্কা চুক্তি প্রসঙ্গে তিনি আরও বলেন, এ নিয়ে আলোচনা চলছে। এতে বাংলাদেশের যুক্ত হওয়া অস্বাভাবিক নয়। অনেক দেশই এখন একাধিক নিরাপত্তা জোটে রয়েছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া দরকার, সেখানে যাওয়া হবে।
আমেরিকা থেকে বোয়িং বিমান কেনার বিষয়ে তিনি বলেন, বোয়িং কিনতে হবে, এমন কোনো চাপ নেই। চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজনে আরও কেনা হবে।
মালয়েশিয়ায় শ্রমশক্তি রপ্তানি প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ আমলের সিন্ডিকেটের কারণে এ ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়েছিল। বর্তমান সরকার এই সিন্ডিকেট ভেঙে দিয়েছে। ধাপে ধাপে শ্রমশক্তি রপ্তানি করা হবে।
এ সময় সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী ও বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী উপস্থিত ছিলেন।











