মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা জোরদার ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেছেন আফগানিস্তানের মাদকবিরোধী বিভাগের উপমন্ত্রী শেখ আবদুর রহমান মুনির এবং কাবুলে জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয়ের (ইউএনওডিসি) প্রধান পিলিয়ুক শ্রী।
সোমবার (৫ অক্টোবর) কাবুলে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক্সে দেওয়া এক বার্তায় জানিয়েছে।
বৈঠকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা ও সমন্বয় জোরদারের পাশাপাশি জরিপ পরিচালনা ও তথ্য সংগ্রহের বিষয়ে আলোচনা হয়।
মুনির ইউএনওডিসির কর্মকর্তাকে মাদকবিরোধী বিভাগের নেওয়া বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, বৈশ্বিক মাদক সমস্যা কার্যকরভাবে মোকাবিলায় আন্তর্জাতিক মানদণ্ডের ভিত্তিতে যৌথ উদ্যোগ ও ধারাবাহিক সহযোগিতা প্রয়োজন।
মন্ত্রণালয় জানায়, বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখা এবং সমন্বয় আরও জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সূত্র: আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাজওয়াক আফগান নউজ











