spot_img

দায়িত্ব পালনে ৫.৭ শতাংশ নারী ইউএনও যৌন হয়রানির শিকার

দেশে নারী উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) প্রতি এখনো নেতিবাচক মনোভাব রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি বলছে, উন্নয়নকাজ তদারকিসহ বিভিন্ন দায়িত্ব পালনের সময় ৫ দশমকি ৭ শতাংশ ইউএনও যৌন হয়রানির শিকার হয়েছেন।

অনলাইন প্ল্যাটফরমে সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠায় উপজেলা নারী নির্বাহী কর্মকর্তার চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক গবেষণাপত্রে এ তথ্য জানানো হয়।

গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইউএনও একটি উপজেলার প্রধান নির্বাহী হিসেবে কার্যক্রম পরিচালনা করেন। ইউএনও বাংলাদেশের সিভিল সার্ভিসের পদমর্যাদা ক্রমানুসারে সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার একটি। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক দায়িত্ব পালনের ক্ষেত্রে নারী ইউএনও কী ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করেন, তা বিশ্লেষণ করাই ছিল এ গবেষণার উদ্দেশ্য।

এতে বলা হয়, জরিপে অংশগ্রহণকারী ৩৪ দশমিক ৩ শতাংশ ইউএনও জানিয়েছেন, ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম করার জন্য তাদের ওপর চাপ প্রয়োগ করা হয়। ২০ শতাংশ ইউএনও বলেছেন, এ ধরনের চাপ প্রয়োগের ফলে অতিরিক্ত ত্রাণসামগ্রীর জন্য সুপারিশ করতে বাধ্য হতে হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, গবেষণা ও পলিসি (পরিচালক) মোহাম্মাদ রফিকুল হাসান, সিনিয়র ফেলো-রিসার্চ অ্যান্ড পলিসি শাহজাদা এম আকরাম, সাবেক সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পলিসি) আবু সাঈদ মো. জুয়েল মিয়া প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ