ভারতের বিহারের গোপালগঞ্জ ও পশ্চিম চম্পারণ জেলায় গত ২ দিনে মদ পানে কমপক্ষে ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েছে আরও অনেকে। তবে এখনো মৃত্যুর কারণ নিশ্চিত করেনি উভয় জেলা প্রশাসন।
শুক্রবার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম চম্পারণ জেলার তেলহুয়া গ্রামে বৃহস্পতিবার ৮ জনের মৃত্যু হয়েছে। একইদিনে গোপালগঞ্জে ভেজাল মদ পানে আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশ জানায়, গত ২ দিনে জেলার মোহাম্মদপুর গ্রামে রহস্যজনকভাবে কয়েকজন মারা গেছেন। তাদের মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। কারণ ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি। পুলিশের ৩টি দল এসব ঘটনা তদন্ত করছে। কিছু মরদেহ তাদের পরিবার দাহ করেছে। গতকাল চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়। এছাড়া হাসপাতালে হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। এসব ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ভেজাল পদার্থ পান করায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ একটি মামলা দায়ের করেছে।
গ্রামবাসীরা জানান, তেলহুয়া গ্রামের চামারতোলি এলাকায় মারা যাওয়া সবাই গত বুধবার সন্ধ্যায় মদ পান করেছিলেন। মদ পানের পর তাদের ৮ জনের অবস্থার অবনতি হয় এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের মৃত্যু হয়েছে।











