spot_img
spot_img

সংখ্যালঘুদের জন্য সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থা চায় হিন্দু মহাজোট

সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য জাতীয় সংসদে ৬০টি সংরক্ষিত আসন ও পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

শুক্রবার (৫ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের নেতারা এ দাবি জানান।

হিন্দু নেতাদের বক্তব্য, স্বাধীনতার প্রাক্কালে দেশে ২২ শতাংশ হিন্দু থাকলেও বর্তমানে তা সরকারি হিসাবে ১১.৮ শতাংশে নেমে এসেছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত নানা কটূক্তি ও বিদ্বেষ ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তারা।

এ বিষয়ে তাদের বক্তব্য, জবাব দিতে গেলে আইসিটি অ্যাক্টে গ্রেফতার করে জেলে পাঠানো হচ্ছে। কুমিল্লা, হাজীগঞ্জ, নোয়াখালী, রংপুরসহ সাম্প্রতিককালের ঘটনার প্রতিবাদ জানাতে গিয়ে ১৭ জন হিন্দু সম্প্রদায়ের মানুষ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে জেল হাজতে আছে। হিন্দু ধর্ম নিয়ে প্রতিনিয়ত কটূক্তি করলেও আজ পর্যন্ত হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে কোনও মামলা হয়নি, কাউকে গ্রেফতার করা হয়নি বলে তারা দাবি করেন।

অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

এতে উপস্থিত ছিলেন‑ জোটের সিনিয়র সহসভাপতি অ্যাড. প্রদীপ চন্দ্র পাল, প্রধান সমন্বয়কারী বিজয় কৃষ্ণ ভট্টাচার্য, প্রেসিডিয়াম মেম্বার অভয় কুমার রায়, যুগ্ম মহাসচিব অ্যাড. প্রদীপ কুমার সরকার, নকুল চন্দ্র মণ্ডল, শ্যামল কান্তি নাগ, আন্তর্জাতিক সম্পাদক নরেশ হালদার, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. প্রতীভা বাকচী, ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাড. অচ্যুতানন্দ ঘরামী প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ