খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কলুষিত করেছে বিএনপি। সেই তত্ত্বাবধায়ক সরকার বিলুপ্ত হয়েছে আদালতের রায়ে। বাংলাদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসবে না। নির্বাচন কমিশনই নির্বাচনের ব্যবস্থা করবে।
শনিবার (৫ নভেম্বর) বিকালে নওগাঁর নিয়ামতপুর উপজেলার ঠকঠকি মাঠে ভাবিচা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতার স্বপ্নকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ঘাতকদের বিএনপি বারবার পুরস্কৃত করেছে। তারেক জিয়াও তার পিতার পথ অনুস্মরণ করে ২১ আগস্ট গ্রেনেড হামলার নীল নঁকাশা করেছিল।
শেখ হাসিনাকে বারবার হত্যার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শতবাধা উপেক্ষা করে দেশের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন তিনি। নারীকে তার প্রাপ্য সন্মান দিয়েছে বর্তমান সরকার। সরকার নারী-পুরুষের সমতায় বিশ্বাস করে বলেই সন্তানের পরিচয়ে বাবার পাশাপাশি মায়ের নাম অন্তর্ভুক্ত করেছে।











