আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দীর্ঘদিন ক্ষমতায় না থাকায় বিএনপি নেতারা পথ হারা পথিকের মত দিশেহারা। তিনি বলেন, আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। প্রকৃতপক্ষে ক্ষমতা না থাকায় ফখরুল সাহেবরা পথ হারা পথিকের মত দিশেহারা, আওয়ামী লীগ সেদল নয়।
রোববার (৫ ডিসেম্বর) রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৩৮ নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
তিনি বলেন, বিএনপির জনসমর্থন নেই, পাবলিক ডাকলে আসে না। প্রেস ব্রিফিং করে প্রতিদিন মির্জা ফখরুল আবোলতাবোল কথা বলে। কি বলবো তাকে, তিনি আওয়ামী লীগকে চেনেন? আওয়ামী লীগ কারো দয়ায় টিকে নেই। আওয়ামী লীগের ক্ষমতার উৎস বিএনপির মত বন্দুকের নলে নয়। আওয়ামী লীগের ক্ষমতার উৎস এ দেশের জনগণ।
সূত্র: বাসস।










