প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠল চীনের বিরুদ্ধে। আর এই অভিযোগ তুলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিজেই। কেননা, দেশটির হুবেই প্রদেশের উহানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তদন্তকারী দলের যাওয়ার কথা থাকলেও প্রবেশের অনুমতি দেয়নি বেইজিং।
মঙ্গলবার (০৮ জানুয়ারি) সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ সম্মেলনে এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন সংস্থার প্রধান তেদরোস আধানম গেব্রেয়েসাস।
এদিকে, বিশ্বজুড়ে আবারও ভয়ংকর হয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাস। বিভিন্ন দেশে তাণ্ডব চালিয়ে একদিনে (মঙ্গলবার) আবারও ১৩ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। এর মধ্যে শুধু আমেরিকাতেই গত ২৪ ঘণ্টায় ৩৪শ’ মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মহামারীর বছরজুড়ে প্রাণহানি ছাড়াল পৌনে ১৯ লাখ। এর মধ্যে মার্কিন ভূখণ্ডেই মৃতের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজারের মতো।











