ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় স্বার্থ, স্থির নেতৃত্ব এবং কূটনৈতিক সমাধানের নীতির কারণেই তিনি এই অবস্থান নিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) চলমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মানুষকে আশ্বস্ত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কিয়ের স্টারমার নিজের অবস্থানের ব্যাখ্যা দেন। এ সময় তিনি বলেন, তার লক্ষ্য হলো জাতীয় স্বার্থে শান্ত, স্থির ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া।
স্টারমার বলেন, চাপ যতই থাকুক, দেশের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছে, আমেরিকার চাপের মুখেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসতে চান না।
ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তিনি জানান, এই কারণেই যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্টারমার বলেন, এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে, এবং তিনি এই সিদ্ধান্তে অটল রয়েছেন। একই সঙ্গে তিনি আমেরিকার বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।











