নতুন আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের জন্য গঠিত সার্চ কমিটির প্রথম সভা রোববার অনুষ্ঠিত হবে। সুপ্রিম কোর্ট প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র বলছে, রোববার বিকেল সাড়ে ৪টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি ডেকেছেন কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।
এর আগে রাষ্ট্রপতির নির্দেশে মন্ত্রিপরিষদ বিভাগ শনিবার কমিটি গঠন করে আদেশ জারি করেছে। আইন অনুযায়ী কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করতে হবে।
নতুন এ সার্চ কমিটির আহ্বায়ক পদে দায়িত্ব পাওয়া বিচারপতি ওবায়দুল হাসান (কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন) বর্তমান নির্বাচন কমিশন গঠনের সার্চ কমিটিরও সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন- সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।











