রাজধানীর নয়াপল্টনে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
এ সময় ছাত্রদলের ১০/১২জন নেতাকর্মী আহত হয়েছে বলে দাবি করেছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন। আহতাদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।
ফজলুর রহমান খোকন বলেন, রাজধানীর রুপনগরে আজ ছাত্রদলের একটি কর্মী সভা ছিলো। সেখানে পুলিশ ও ছাত্রলীগ হামলা চালায়। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যার পর ছাত্রদল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল বের করলে পুলিশ ধাওয়া দেয়। এসময় আমাদের ১০/১২ নেতা-কর্মী আহত হয়েছে।
এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার পর থেকে দলীয় কার্যালয়ের চারপাশে ঘিরে রেখেছে পুলিশ। আমাদের অনেক নেতাকর্মী কার্যালয়ে অবরুদ্ধ রয়েছে। এ ঘটনায় একজন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা গেছে।










