spot_img

বিনা উসকানিতে ছাত্রদলের ওপর হামলা করেছে পুলিশ: রিজভী

বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর পুলিশ হামলা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার (৬ ফেব্রুয়ারি) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরপরই নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনে পুলিশ বিনা উসকানিতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা করে। হামলায় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী গুরুতর আহত হন। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

রিজভী আরও বলেন, বিএনপির কর্মসূচিতে পুলিশী হামলা আওয়ামী শাসকগোষ্ঠীর চিরচেনা সংস্কৃতি। পুলিশের সহিংস তাণ্ডবের মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশ যে একটি পুলিশি রাষ্ট্র তা জানান দেওয়া। রাষ্ট্রীয় সন্ত্রাসের ছোবলে গোটা দেশকে আক্রান্ত করা হয়েছে। এরপরও কেউ যাতে টু শব্দ করতে না পারে সেজন্য পুলিশ প্রতিনিয়ত তাদের পেশি প্রদর্শন করে যাচ্ছে।

তিনি বলেন, আমি পুলিশী এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে রফিকুল আলম মজনুসহ আটককৃত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি। আহত নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ