বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে স্বাগত র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে স্বাগত র্যালি ও সমাবেশটি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দামের নেতৃত্বে র্যালিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা মাথায় রঙিন ক্যাপ, হাতে সংগঠনের পতাকা ও বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। র্যালিটি শাহবাগে পৌঁছালে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন, সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহ মাহফুজুল হক এবং সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, প্রতিষ্ঠার ৪৯ বছরে পদার্পণ করে ছাত্রশিবির আজ বাংলাদেশের ছাত্রসমাজের আশা-আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। শত জুলুম ও নির্যাতনের পাহাড় পাড়ি দিয়ে ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে মোকাবিলা করে আজ ছাত্রশিবির এক অপরাজেয় কাফেলায় পরিণত হয়েছে। আমরা একটি সমৃদ্ধ, ইনসাফভিত্তিক ও আদর্শিক বাংলাদেশ বিনির্মাণে বদ্ধপরিকর।
এতে আরও উপস্থিত ছিলেন, জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসান, গণতান্ত্রিক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান মাহবুব, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, মানবসম্পদ ও ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলাম প্রমূখ।











