শুক্রবার | ৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা’ সংবিধানে পুনঃস্থাপন হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার করে সংবিধানে ‘সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে নির্বাচনী ইশতেহার তুলে ধরার সময় তিনি এসব কথা বলেন। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগান সামনে রেখে ‘করবো কাজ, গড়বো দেশ,’ বিএনপির রাষ্ট্র পরিচালনার মূলনীতিকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন তারেক রহমান।

ইশতেহারে পাঁচটি অধ্যায়ের প্রথম অধ্যায়ে ‘রাষ্ট্র ব্যবস্থার সংস্কার’, দ্বিতীয়ে ‘বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন’, তৃতীয়ে ‘ভঙ্গুর অর্থনীতির পুনর্গঠন ও পুনরুদ্ধার’, চতুর্থে ‘অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন’ এবং শেষ অধ্যায়ে ‘ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সংহতি’ তুলে ধরা হয়েছে।

বিএনপির নির্বাচনী ইশতেহার তৈরি করা হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা, প্রয়াত দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ভিশন-২০৩০, এবং তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের ৩১ দফা’ ও জুলাই জাতীয় সনদের সমন্বয়ে।

নির্বাচনী ইশতেহারের সাংবিধানিক সংস্কার অধ্যায়ে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে সংবিধানে পুনঃস্থাপন করা হবে। এছাড়া জুলাই সনদ বাস্তবায়ন, অগণতান্ত্রিক সংশোধনী বাতিল, ৩১ দফার ভিত্তিতে সংস্কার, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, উপ-রাষ্ট্রপতি পদ সৃজন, প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করা, সংসদের উচ্চকক্ষ প্রবর্তন, বিরোধী দলীয় ডেপুটি স্পিকার, উচ্চকক্ষে ১০ শতাংশ নারী রাখা, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন এবং আন্তর্জাতিক চুক্তিতে স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দেয় বিএনপি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ওলামা দলের আহ্বায়ক। এরপর জাতীয় সংগীত বাজানো হয়, এসময় সবাই দাঁড়িয়ে সম্মান জানান।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ