প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশে আটকে পড়া পাকিস্তানি বিহারিদের জীবন মান উন্নয়নে তাদেরকে ঢাকার পাশে নতুন এলাকায় স্থানান্তর করা।
রোববার (৬ মার্চ) দুপুরে ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, সরকারের ধারাবাহিকতা থাকায় দেশে নানা উন্নয়ন কাজ করা সম্ভব হচ্ছে। জনসংখ্যার চাপের কারণে অপরিকল্পিত ভাবে গড়ে উঠেছে ঢাকা মহানগরী।
শেখ হাসিনা আরও বলেন, নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোর উন্নয়নে কার্যক্রম শুরু হয়েছে। উন্নয়নের সুফল পাওয়ার পাশাপাশি প্রত্যেক নাগরিককে তাদের দায়িত্ব পালনের প্রতিও গুরুত্ব দেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার সবুজায়নের প্রতিও সবাইকে নজর দিতে বলেন।
উল্লেখ্য, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুরসহ আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে আছে বিহারিদের কলোনি। আবাসনের অসুবিধা, নিরাপত্তা ঝুঁকি ও মানবিক বিষয় বিবেচনায় নিয়ে রাজধানী ঢাকার বিহারি ক্যাম্পগুলো ঢাকার আশপাশে সুবিধাজনক স্থানে এগুলো স্থানান্তর করা হবে। এজন্য প্রাথমিকভাবে গাজীপুর ও কেরানীগঞ্জের দুটি স্থান চিহ্নিত করা হয়েছে। তবে তা চূড়ান্ত করা হয়নি। ঢাকার ৪৫টি বিহারি ক্যাম্পে প্রায় ৬ লাখ লোক বসবাস করে।










