রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব সেরগেই শোইগু ইরানের ওপর আমেরিকা ও ইসরাইলের হামলাকে আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমান বিশ্বে আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামো ক্রমেই অস্থিতিশীল হয়ে পড়ছে। এটি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে এবং প্রতিদিনই তার আগের কাঠামো ও ভারসাম্য হারাচ্ছে, যার প্রভাব বিশ্বব্যবস্থার প্রায় সব ক্ষেত্রেই পড়ছে।
এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি আন্তর্জাতিক নিরাপত্তা কাঠামোর দ্রুত অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
যুদ্ধের ন্যায্যতা দেখানোর পদ্ধতিতেও বড় পরিবর্তন এসেছে বলে উল্লেখ করেন তিনি বলেন, অতীতে কোনো দেশ সামরিক পদক্ষেপ নিলে অন্তত একটি অজুহাত বা কারণ উপস্থাপন করত। কিন্তু এখন কিছু দেশ কোনো ধরনের ব্যাখ্যা বা যুক্তি না দিয়েই সরাসরি হামলা চালাচ্ছে।
মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, এই অঞ্চলের সংকট অত্যন্ত গুরুতর এবং এর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পুরো বিশ্বের ওপর পড়তে পারে।
তিনি আরও বলেন, যদি মাত্র এক দিনের জন্যও হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়, তাহলে প্রায় ৭ বিলিয়ন ডলারের বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে আমেরিকা কয়েকটি দেশের আঞ্চলিক জলসীমা লঙ্ঘন করেছে এবং অন্য কিছু দেশের বিরুদ্ধে হামলার হুমকিও দিয়েছে। এমন প্রেক্ষাপটেই শোইগুর এই মন্তব্য সামনে এসেছে।
সুত্র: হুরিয়াত রেডিও











