নিজের মাসিক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিসভার সদস্যদেরও নিজ নিজ বেতন থেকে ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
সোমবার (৬ জুলাই) রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গতকাল একটি মিটিং হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী অত্যন্ত বিনয়ের সঙ্গে মন্ত্রীদের উদ্দেশে বলেছেন, “মন্ত্রী মহোদয়গণ, আমি একটা কথা বলব আজকে। বিনয় করে বলছি, আপনারা রাখতেও পারেন আমার কথাটা, নাও রাখতে পারেন।”
প্রধানমন্ত্রীর বক্তব্য হুবহু উদ্ধৃত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি, আপনাদের আমার বলা উচিত। এখন আপনাদের ইচ্ছা। যেটা বলব, আমি এটা করছি। আমার আব্বা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিমাসে তার বেতন থেকে ১০ শতাংশ সরকারি কোষাগারে ফেরত দিতেন গরিব-মিসকিন মানুষদের সহযোগিতা করার জন্য বা সরকারি কোনো প্রয়োজনে খরচ করার জন্য।”
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, “আমি কিন্তু বেতন নিচ্ছি, না নিয়ে চলতে পারতেছি না। আমার বেসিক বেতন ১ লাখ ১৫ হাজার টাকা। ১০ শতাংশ হারে আমি ১১ হাজার ৫০০ টাকা প্রতি মাসে বেতন থেকে জমা দিচ্ছি। বেতন যখন অ্যাকাউন্টে আসে, আমি তুলে একটা চেক দিয়ে দেই গভর্নমেন্টের অ্যাকাউন্টে। আমি আপনাদের অনুরোধ করব, আমার আব্বা কাজটা করতেন, আমি করছি; আপনারাও যদি মনে কিছু না নেন বা যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, আপনারাও প্রতি মাসে ১০ শতাংশ আপনাদের বেতনের টাকাটা সরকারের ঘরে ফেরত দিয়ে দেবেন।”
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা সবাই আলহামদুলিল্লাহ বলেছি। খুশি হয়েছি যে উনি আমাদের কাছে অ্যাপ্রোচটা করেছেন।”











