বাংলাদেশকে উন্নত করার পরিকল্পনা নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনা করছেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম এজেন্ডা।
সোমবার (৬ জুলাই) ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে অর্ধেক কাজ করেছে আর বাকিটা নিজেদের পকেটে পুরেছে।
তিনি বলেন, তারা আমাদের অনেক ক্ষতি করেছে। বিশ্বাস ও আস্থা নষ্ট করে দিয়েছে। এগুলো আমরা আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করছি।
মির্জা ফখরুল বলেন, নিজেদের পরিবর্তন চাইলে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। প্রতিবেশী দেশ কিংবা মার্কিন মুলুক থেকে কেউ এসে কিছু করে দেবে না।
স্থানীয় সরকারমন্ত্রী জানান, আবারও গ্রাম সরকার চালুর বিষয়ে আলোচনা চলছে।
তিনি বলেন, গ্রাম সরকার চালু করা গেলে নেতৃত্ব গ্রামেই শুরু হবে। এ সময় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, দুর্নীতিকে একেবারেই না বলতে হবে। মানুষ মানুষের হক নষ্ট করবে, এটা আমরা দেখতে চাই না।
তিনি আরও বলেন, আমি নিজে যদি ঠিক থাকি, তাহলে অন্যদের ঠিক করতে পারব।











