আমেরিকার হামলায় ওমান উপসাগরে ডুবে গেছে ইরানের তেলবাহী ট্যাংকার এম/টি কায়লো।
রোববার (৬ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৫ সেপ্টেম্বর কায়লোসহ তিনটি ইরানি তেলবাহী ট্যাংকারে হামলা চালায় আমেরিকার সামরিক বাহিনী। আমেরিকার দাবি, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড তাদের একটি যুদ্ধজাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবেই ইরানের তেলবাহী ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর ব্যাপক ক্ষতিগ্রস্ত ‘কায়লো’ ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। ট্যাংকারটি ডুবে যাওয়ার ভিডিও প্রকাশ করেছে আমেরিকার সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যবিষয়ক ইউনিট সেন্টকম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সেন্টকম জানিয়েছে, আমেরিকার সামরিক বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিখুঁততার কারণে এম/টি কায়লো ওমান উপসাগরে ডুবে গেছে। ট্যাংকারটি এখন সমুদ্রের নিচে থাকা ইরানের নৌবাহিনীর সঙ্গে যোগ দিয়েছে বলেও মন্তব্য করেছে সংস্থাটি।
এদিকে আমেরিকার হামলার জবাবে পাল্টা হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। ইরানি বাহিনী আমেরিকার যুদ্ধজাহাজসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে।
হরমুজ প্রণালিতে অনুমতিবিহীন পথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকেও লক্ষ্য করা হতে পারে বলে সতর্ক করেছে ইরান।
সূত্র: আল-জাজিরা












