রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে মাহফুজ আলম বলেন, দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনদের আস্থা দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে যেতে হবে। আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন পরস্পরবিরোধী নয়। জুলাইয়ের ছাত্র-জনতার আপওয়ার্ড সোশিও-পলিটিক্যাল মবিলিটি দরকার। লীগের ১৬ বছরের সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উলম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে সব অনাহূত সংকট সবাই মিলে দূর করতে হবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তথা রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়তে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়ার সঙ্গে সঙ্গে গড়তেও হবে।
তিনি বলেন, রাষ্ট্র ভঙ্গুর বা ফেইল্ড হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। আর রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে।












