মহামারী করোনাভাইরাসে বিশ্বজুড়ে আবারো বাড়ছে দৈনিক মৃত্যু ও সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৭ হাজার মানুষের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৮ হাজার মানুষ।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৪৪৮ জনের। ফলে আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে ২ হাজার ৮০০-এর বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ লাখ ৩১ হাজার ৭২৪ জনে।
এ ছাড়া একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮ হাজার ৭৯৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৮৫ হাজার। এতে মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ কোটি ৬৫ লাখ ৯৮ হাজার ৭৫৩ জনে।
এ দিকে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে আমেরিকায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৭৯০ জন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৮০৩ জনের। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৪৭ লাখ ৮১ হাজার ২০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ২৪ হাজার ৭২৮ জন মারা গেছেন।












