আফগানিস্তানের বিভিন্ন সামরিক ও বেসামরিক খাতে একাধিক মন্ত্রীসহ ৩৮ কর্মকর্তার নাম ঘোষণা করেছে দেশটির সরকার।
আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন তালেবান সরকার তাদের নতুন ৩৮ সদস্যের নাম ঘোষণা করেছে।
সোমবার (৪ অক্টোবর) তাদের নাম ঘোষণা করা হয় বলে তোলো নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে।
আফগান সরকারের মন্ত্রিসভায় যে সকল সদদ্যদের নিয়োগ দেওয়া হয়েছে তার মধ্যে আছেন দেশটির প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, শহীদ ও অসুস্থ (যুদ্ধে আহত) মন্ত্রণালয়ের মন্ত্রী, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী। এছাড়া সামরিক খাতের বিভিন্ন নেতৃত্বকেও নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে আফগান সেনাবাহিনীর বিভিন্ন বিভাগের নাম পরিবর্তন করা হয়েছে। আফগানিস্তানের ২০৯ শাহীন কোর সেনাদলকে এখন ‘মাজার কর্পস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।
মোহাম্মদ সাদেক শিনওয়ারি নামের সাবেক এক সামরিক নেতা বলেন, আমরা আশা করি যে এ নতুন সেনাবাহিনী আফগানিস্তানের ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করবে। এছাড়া শত্রুদের যেকোনো পদক্ষেপ এবং বর্তমান (তালেবান) সরকারবিরোধীদেরও মোকাবেলা করবে এ নতুন আফগান সেনাবাহিনী।
অন্তর্বর্তীকালীন তালেবান সরকারে নতুন সদস্যরা হলেন, মাওলানা আবদুল কবির, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী, শহীদ ও প্রতিবন্ধী বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত মন্ত্রী মোল্লা আবদুল মজিদ, আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান মাওলানা মুতি-উল হক, রেড ক্রিসেন্ট সোসাইটির উপ -প্রধান মৌলভি নূরুদ্দিন তুরাবি, কান্দাহার কোরের কমান্ডার মোল্লা মেহরুল্লাহ হেমাদ, কাবুল কোরের কমান্ডার মাওলানা হামদুল্লাহ, মাজার কোরের কমান্ডার মাওলানা আতাউল্লাহ ওমারি, হেরাত কোরের কমান্ডার মাওলানা মোহাম্মদ জারিফ মোজাফর, হেলমান্দ কোরের কমান্ডার মাওলানা শরাফুদ্দিন তাকি, কুন্দুজ কোরের কমান্ডার মোল্লা রহমারুল্লাহ মোহাম্মদ, লঘমন কোরের অধিনায়ক আবোদ জানা ও পাকতিয়া কোরের কমান্ডার ক্বারী মোহাম্মদ আইয়ুব।












