spot_img

বিএনপির রোডমার্চে বাবাকে দেখে ছাত্রলীগ নেতার বিষপান; পাশে দাঁড়ালেন তথ্যমন্ত্রী

বিএনপির রোডমার্চে অংশ নেওয়া বাবার ছবি দেখে ক্ষোভে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করা রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়ন ছাত্রলীগের ২২ বছর নেতা বয়সী নীরব ইমনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গেলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (৬ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা ইমনের পাশে কিছু সময় কাটান তথ্যমন্ত্রী।

এসময় তিনি অসুস্থ ছাত্রলীগ নেতার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে ছাত্রলীগ নেতার যথাযথ চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশনা ও চিকিৎসা ব্যয়ের জন্য ছাত্রলীগ নেতার বাবা মুহাম্মাদ জহিরের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তথ্যমন্ত্রী।

এর আগে, বৃহস্পতিবার বিকেলে রাঙ্গুনিয়ার পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকার আলকাজ পণ্ডিত বাড়ির নিজ বসতঘরে বিষপান করেন নীরব ইমন। তিনি পোমরা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন। তার বাবা জহির ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি।

বৃহস্পতিবার ইমনের বাবা মুহাম্মাদ জহির (৪৫) চট্টগ্রাম মহানগরে বিএনপির রোডমার্চ কর্মসূচিতে অংশ নেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইমনের মেসেঞ্জারে পাঠান তার বন্ধুরা। বিএনপির রোডমার্চে তার বাবার অংশ নেওয়াকে মেনে নিতে পারেননি ইমন। ক্ষুব্ধ ইমন বাড়িতে ছুটে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে রাগারাগি করেন এবং একপর্যায়ে বিষপান করেন। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ