বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেছেন, ইতোমধ্যে সাম্প্রদায়িক সহিংসতা বিষয়ে বেশ কয়েকটি মামলা হয়েছে। আমরা সব ক’টির নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ তদন্ত চাই। দলমত নির্বিশেষে যারা-ই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে অনতিবিলম্বে গ্রেফতার করে বিশেষ ক্ষমতা আইন ও দ্রুত বিচার আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শনিবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রানা দাশগুপ্ত বলেন, হাজার হাজার মানুষ গ্রেফতার করলেই সুবিচার আসে না। নিরপরাধ কেউ যেন গ্রেফতার ও হয়রানির শিকার না হয়, এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের এ নেতা বলেন, বিগত দিনগুলোতে আমাদের দেশের কোনও রাজনৈতিক দল ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্বিচারে সাম্প্রদায়িক হামলা হচ্ছে, তা কখনোই স্বীকার করতে চাননি। অনেকেই এই ঘটনাগুলোকে অতীতে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবারই দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো সাম্প্রদায়িক হামলার বিষয়ে দোষারোপের রাজনীতি করে চলছে এবং এর মধ্য দিয়ে প্রকারান্তরে স্বীকার করে নিয়েছে সাম্প্রদায়িক হামলা অতীতেও ছিল, বর্তমানেও আছে এবং দায়মুক্তির সংস্কৃতির কারণে তা চলছে।











