পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ভারতের সঙ্গে আমাদের যে রক্তের সম্পর্ক, তা আরও গভীরভাবে উদযাপন করতে চাই। আমি তো সেই দিনের আশায় আছি, যেদিন ভারতসহ প্রতিবেশী দেশে আনাগোনা করতে কোনো ভিসা লাগবে না। তাদের সঙ্গে আমাদের মাঝে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।
সোমবার (৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১-এর এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভারত-পাকিস্তানের লড়াই নয়। এটি মুক্তিবাহিনী, মৈত্রীবাহিনী এবং বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। এ যুদ্ধে ভারত সাহায্য করেছে স্বাধীন বাংলাদেশকে।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গেও ৫০ বছরের ডিপ্লোম্যাটিক বছর পূর্তি উদযাপন করছি। এর জন্য দেশবাসীকেও ধন্যবাদ দেই। যে দল এ দেশে স্বাধীনতা নিয়ে এসেছিল তাদের ভোট দিয়ে নির্বাচিত করে আমাদের এই উদযাপনগুলো করার সুযোগ দিয়েছে।










