সরকারের পদত্যাগের দাবিতে কেন্দ্র ঘোষিত অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী।
বুধবার সকালে ফার্মগেট, মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, রামপুরা, খিলগাঁও, মাতুয়াইল, গেন্ডারিয়া, ধানমণ্ডি, নারায়ণগঞ্জ সড়কে পৃথক পৃথকভাবে মিছিল করেছেন উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা। সকালে অবরোধের সমর্থনে ঢাকা মহানগর উত্তরের তেজগাঁও দক্ষিণ থানার উদ্যোগে ফার্মগেট ব্রিজ থেকে একটি মিছিল বের করেন নেতাকর্মীরা। তাদের মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কারওয়ান বাজারে গিয়ে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।
অবরোধের সমর্থনে সকালে মিরপুর-১৩নং এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন উত্তরের মজলিসে শূরা সদস্য ডা. হাবিব।
এদিকে অবরোধের সমর্থনে সকালে খিলগাঁওয়ে সড়ক অবরোধ করে মিছিল করেছেন দক্ষিণের নেতাকর্মীরা। দক্ষিণের মজলিশে শূরা সদস্য আব্দুর রহমান সাজুর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শুরা সদস্য এ. আর. ফারুকী। গেন্ডারিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন দক্ষিণের মজলিসে শুরার সদস্য মোতাসিম বিল্লাহ, ধানমন্ডিতে সড়ক অবরোধ করে মিছিল করেছেন নেতাকর্মীরা। এই মিছিলে নেতৃত্ব দেন ধানমন্ডি থানার নায়েবে আমীর হাফেজ রাশেদুল ইসলাম।










