ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জায় ইসরাইলি বর্বর হামলায় শহীদের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়ে গেছে। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই প্রায় ১২ হাজার।
এছাড়া টানা প্রায় দুই মাস ধরে চলা এই আগ্রাসনে আহত ফিলিস্তিনিদের সংখ্যা পৌঁছেছে প্রায় ৪৪ হাজারে। বুধবার (৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার গাজ্জার মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ১৬ হাজার ২৪৮ জনে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে ৭ হাজার ১১২ জন শিশু এবং ৪ হাজার ৮৮৫ জন নারী রয়েছেন। এছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছেন আরও ৪৩ হাজার ৬১৬ জন।’
গাজ্জার মিডিয়া অফিস জানিয়েছে, ভূখণ্ডটিতে এখনও প্রায় ৭ হাজার ৬০০ জন নিখোঁজ রয়েছেন। তারা হয় ধ্বংস হয়ে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আছেন বা তাদের ভাগ্য ঠিক কী ঘটেছে তা এখনও অজানা।
সূত্র : আনাদোলু











