সুদানে অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকশো মানুষ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) আফ্রিকার এই দেশটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের এই ঘটনা ঘটে।
গত অক্টোবরে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সুদানে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে বেসামরিক শাসনের দাবিতে বিক্ষোভ চলছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। নিরাপত্তা বাহিনী প্রথমে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ও পরে গুলিবর্ষণ করে। আর এতেই তিনজন নিহত ও তিনশো জন আহত হন।
সুদান ডক্টরস কমিটি জানিয়েছে, সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে সুদানে এখন পর্যন্ত ৬০ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
সুদানের সরকারি কর্মকর্তারা অবশ্য গুলি চালানোর ঘটনা অস্বীকার করে একাধিকবার জানিয়েছে, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানো হয়নি। বৃহস্পতিবারই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সুদানের নিরাপত্তা বাহিনীর কাছে বিক্ষোভে গুলি না চালানোর আবেদন জানিয়েছিলেন। এরপরও বিক্ষোভে গুলি ও প্রাণহানির ঘটনা ঘটলো।











